স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ৫ বাজারে আসার বেশ কিছু দিন হয়ে গেলো। এবার গ্যালাক্সি নোট ৬ বাজারে আসার দিন নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে। শুধু দিন-ক্ষণই নয়, মাতামাতি চলছে ডিভাইসটির নানা কনফিগারেশন নিয়েও।
সম্প্রতি গ্যালাক্সি নোট ৬ এর বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। ফাঁস হওয়া তথ্যমতে, যথারীতি চলতি বছরের আগস্টেই বাজারে আসতে যাচ্ছে এই ফ্ল্যাগশিপ ফোন। এতে ৬ গিগাবাইট র্যাম থাকতে পারে। ডিভাইসটিতে ব্যবহার করা হতে পারে ৫.৮ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। সূত্র- নো ইয়োর মোবাইল।
ডিভাইসটির স্টোরেজ সুবিধা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এতে স্টোরেজ হিসেবে থাকতে পারে ৬৪, ১২৮ কিংবা ২৫৬ গিগাবাইট মেমোরি।
ফাঁস হওয়া তথ্যে আরও দাবী করা হয়েছে, আকষর্ণীয় ফিচারের ডিভাইসটি পানিরোধক হবে। এতে ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ স্ক্যানার যোগ করা হতে পারে।
গ্যালাক্সি নোট ৬ এর প্রসেসর ও ক্যামেরা নিয়েও নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ডিভাইসটি থাকতে পারে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। আর এতে গ্যালাক্সি নোট ৫ এর চেয়ে উন্নত প্রসেসর থাকবে।
ডিভাইসটির ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি স্যামসাং।
