আল-শাবাবের সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১২:৩০

সোমালিয়ার আল-শাবাব জঙ্গিগোষ্ঠীকে সহায়তাকারী সাংবাদিক হাসান হানাফির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসি জানিয়েছে, সম্মানিত পাঁচ সাংবাদিককে হত্যায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে সহায়তার অভিযোগে দেশটির একটি সামরিক আদালত একসময়ের এই সম্প্রচার সাংবাদিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল।

রাজধানী মোগাদিশুতে ওই সেনা আদালতে গেল মাসে দণ্ডিত হন এক সময়ের ব্রডকাস্টার হানাফি। তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে আল-শাবাবের রোষানলের শিকার হওয়া সম্ভাব্য সাংবাদিকদের চিনিয়ে দিতে সহায়তা করেন হানাফি। আল-শাবাবের মুখপত্র বলে পরিচিতি পাওয়া রেডিও আন্দালুসে কাজ করার পর হানাফি জঙ্গিগোষ্ঠীটির সশস্ত্র শাখায় যোগ দিয়েছিলেন।

দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলছে, ২০০৭ সাল থেকে সোমালিয়ায় ২৫ জনেরও বেশি সাংবাদিক খুন হয়েছেন। আল-শাবাবের হয়ে কাজ করার সময় হানাফি সাংবাদিকদের জঙ্গি গোষ্ঠীটিতে যোগ না দিলে হত্যার হুমকি দিতেন। আল-শাবাব এখনো মোগাদিশুসহ অন্যান্য শহরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অনেক অংশ নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি। বিবিসি।