প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ সম্ভব নয়: বিএনপি

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৪:১০
 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে যে ৭.০৫ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছে সেটি সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি সম্ভব নয়। এটা অলীক। জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকাই সরকারের উদ্দেশ্য। সরকার এই পরিসংখ্যানের মাধ্যমে দেশে ও বিদেশে বিভ্রান্ত করছে।
 
বিএনপির এই নেতা বলেন, সরকার যে ৭.০৫ প্রবৃদ্ধি দাবি করছে তা সঠিক নয়। এটা উদ্দেশ্যমূলক। সরকার পরিসংখ্যান ব্যুরোকে চাপ দিয়ে এই পরিসংখ্যান প্রস্তুত করেছে। পণ্য ও সেবার মান বাড়লে প্রবৃদ্ধি বাড়বে কিন্তু বাস্তবে পণ্য ও সেবার মান বাড়েনি। তাই প্রবৃদ্ধি বাড়ার দাবি সঠিক নয়।    
 
তিনি বলেন,  রিপোর্টে দাবি করা হয়েছে এবারই দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোট দেশজ উত্পাদন বা জিডিপি ৭ শতাংশের ঘরে যাবে। এ দাবি সঠিক নয়। ২০০৬-২০০৭ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৭.০৬ শতাংশ। পরিসংখ্যান ব্যুরো অনেকটা তাড়াহুড়ো করে এই হিসাবটি প্রকাশ করেছে।
 
মির্জা ফখরুল বলেন, পৃথিবীর অনেক দেশে বাংলাদেশের বিশাল অংকের পুঁজি পাচার হচ্ছে। পুঁজি পাচার জাতীয় অর্থনীতিকে রক্তশূন্য করে ফেলছে। সরকার রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়িয়ে ব্যাক্তিখাতে বিনিয়োগ ঘাটতি পূরণের কৌশল নিয়েছে।
 
তিনি বলেন, দেশে বিনিয়োগ হচ্ছে না। একারণে ব্যাংকে অলস টাকা পড়ে আছে। সর্বক্ষেত্রে সন্ত্রাসী, চাদাঁবজি ও সরকারের অব্যবস্থাপনায় দেশে বিনিয়োগ হচ্ছে না। দেশে বিনিয়োগ না থাকায় দেশের টাকা বাইরে চলে যাচ্ছে।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।