বিতর্কিত নৌ সীমানা নিয়ে শিল্পোন্নত সাত দেশের জোট গ্রুপ অব সেভেনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এশিয়ায় চীনের আঞ্চলিক ও সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দিন দিনই উদ্বেগ বাড়ছে।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেন, এ বিষয়ে জি সেভেন গ্রুপের পদক্ষেপ নিয়ে চীন খুবই অসন্তুষ্ট। বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক বিতর্কে পক্ষাবলম্বন না করার প্রতিশ্রুতি পালন করতে আমরা জি৭ গ্রুপের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে দায়িত্বজ্ঞানহীন কথা ও পদক্ষেপ না নেয়ারও আহ্বান জানাচ্ছি।
জাপানের হিরোশিমা নগরীতে জি৭ গ্রুপের দুই দিনের বৈঠকে এর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করছি। তারা আরো বলেন,‘আমরা উত্তেজনা বাড়ানোর মতো একতরফা যে কোন ধরণের ভীতি ও উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করছি।
জি-৭ গ্রুপের বিবৃতিতে চীনের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে দক্ষিণ পূর্ব চীন সাগরের অধিকাংশের মালিকানা বেইজিং দাবি করে আসছে। যদিও ব্রুনাই, মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইনও আংশিকভাবে মালিকানা দাবি করছে। এএফপি।
