জাপার কারণে ১/১১ এসেছিল: এরশাদ

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৬:২৪
 
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ওয়ান-ইলেভেন এ​ল কেন? আমাদের কারণে। আন্দোলন হলো—নো এরশাদ, নো ইলেকশন। ইলেকশন হলো না। ওয়ান-ইলেভেনের পরে ২০০৮ সালে নির্বাচন হলো।’
 
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জাতীয় কাউন্সিল অধিবেশন উপলক্ষে কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হয়।
 
বক্তব্যের শুরুতে এরশাদ জানিয়ে দেন, ‘পরবর্তী কাউন্সিলে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন হবে না।’ তিনি দাবি করেন, ‘আমি ডার্টি পলিটিকস (নোংরা রাজনীতি) করি না। ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলি না। যেটা সত্য কথা বলি। সেটা অপ্রিয় হলেও বলি, প্রিয় হলেও বলি।’
 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আমার স্ত্রী রওশন এরশাদ যদি পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী হন, তবে আমার কোনো আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই, যাতে দলে কোনো বিভক্তি না থাকে।’