অবকাঠামো বিনিময় নিয়ে এক চুক্তি স্বাক্ষর করেছে টেলিকম অপারেটর কোম্পানি বাংলালিংক ও সামিট কমিউনিকেশনস লিমিটেড। বাংলালিংক-এর প্রধান কার্যালয় টাইগার্স ডেনে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
এ চুক্তিতে, সামিট কমিউনিকেশনস লি. (এসসিএল)- বাংলালিংককে নির্দিষ্ট রুটে ফাইবার ক্যাপাসিটি লিজ দেবে এবং বাংলালিংকও সামিট কমিউনিকেশনসকে ভিন্ন রুটে বিদ্যমান ফাইবার ক্যাপাসিটি লিজ দেবে। এতে এই প্রথমবারের মতো বাংলালিংক এবং এসসিএল-এর মধ্যে নির্দিষ্ট রুটে ফাইবার লিজিং অংশীদারিত্ব থাকছে
বাংলালিংক-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং সিইও এরিক অস এবং সামিট কমিউনিকেশনস লি.-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আরিফ আল ইসলামসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলালিংক-এর এমডি এবং সিইও এরিক অস বলেন, ‘এখন ডিজিটাল যুগ চলছে। আমরা বিশ্বাস করি যে, এই অংশীদারিত্ব আমাদের আরও বেশি কর্মতৎপর ও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং এর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারব। এ চুক্তির ফলে, বাংলালিংক এবং সামিট কমিউনিকেশনস লি. উভয়ই উপকৃত হবে।’
শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক থাকায় উভয় পক্ষ উপকৃত হবে, এতে করে, নির্দিষ্ট কিছু এলাকায় বাংলালিংক তার গ্রাহকদের আরও ভালো নেটওয়ার্ক সুবিধা দিতে সক্ষম হবে এবং বাংলালিংক-এর বিদ্যমান একটি নির্দিষ্ট ফাইবার রুট ব্যবহার করে এসসিএল অন্য টেলিকম অপারেটরদের আরও বেশি ব্যান্ডউইথ ট্রান্সমিশন সুবিধা দিতে পারবে।
