বিশ্বব্যাংকের পূর্বাভাস ঠিক হয় না: মুস্তফা কামাল

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৭:৫৭
 
অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেন, তাদের (বিশ্ব ব্যাংক) নানা জন নানা সময় নানান মত দেয়। সংস্থাটির প্রতিবেদন নিজেরাই বিশ্বাস করে না। এমনকি সারাবিশ্বের কেউ বিশ্বাস করে কি না, আমার জানা নেই।
 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন মুস্তফা কামাল।
 
২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ। তা অর্জনে সরকার আশাবাদী হলেও বিশ্ব ব্যাংক তাদের সংশয়ের কথা জানিয়ে আসছে।
 
এর আগের অর্থবছরগুলোতেও বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকের আভাস না ফলার তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “গ্লোবাল প্রসপেকটাস ২০১৫ প্রতিবেদনে বিশ্ব ব্যাংক বলেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। পরে আবার কমিয়ে এখন বলছে ৬ দশমিক ৩ শতাংশ। এভাবেই তারা একেক সময় একেক ধরনের প্রাক্কলন করে। যা আসলে ঠিক হয় না।”
 
পরিকল্পনামন্ত্রী বলেন, “আমাদের কৃষি শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি যথেষ্ট ভালো। বিশ্ব ব্যাংক যাই বলুক না কেন, এ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে হবেই।”