আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে গেলে ক্ষতি হবে এবং সেটা আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে উভয় দিক থেকেই হতে পারে। সম্প্রতি সংস্থাটির সর্বশেষ পর্যবেক্ষণে এই হুঁশিয়ারি দেয়া হয়েছে। খবর বিবিসি’র।
আইএমএফ বলেছে, তথাকথিত ‘ব্রেক্সিট’ ব্রিটেন এবং ইইউ’র মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে ব্যাঘাত ঘটাবে। ইতোমধ্যে গণভোটের খবরে বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আর ভোটে বেরিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসলে এই অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে দেবে। আইএমএফ তাদের পূর্বাভাসে প্রবৃদ্ধির হার কর্তন করেছে। সংস্থাটির আশা চলতি অর্থবছরে ব্রিটেনে প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৯ শতাংশ। গত জানুয়ারিতেও এই হার ছিল ২ দশমিক ২ শতাংশ। তবে পরবর্তী বছর দেশটির প্রবৃদ্ধি হবে ২ দশমিক ২ শতাংশ। বিবিসি।
