মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার ছেলে ও দুই আইনজীবী সাক্ষাৎ করেছেন। বুধবার সকালে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলাসুপার প্রশান্ত কুমার বনিক জানান, বুধবার বেলা ১১টার দিকে কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার এহসান আব্দুল্লা সিদ্দিক তার সাথে দেখা করতে কারাগারে আসেন। প্রায় আধা ঘণ্টা তারা কারাগারে একটি কক্ষে মীর কাসেম আলীর সঙ্গে কথা বলেন।
মীর কাসেম আলী কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দী রয়েছেন। গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এই কারাগারে রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। পরে ফাঁসির দণ্ড পাওয়ার পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।
