‘আমরা পাকিস্তানকে পেছনে ফেলে এসেছি, ৫ বছরের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবো’

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৬:২৯

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘আমরা ইতিমধ্যে পাকিস্তানকে পেছনে ফেলে এসেছি। আগামী ৫ বছরের মধ্যে ভারতকেও ছাড়িয়ে যাবো। আমাদের সম্ভাবনার পাশে কিছু রাজনৈতিক অর্থনৈতিক বাধা আছে। এর দুটি সমাধান আছে।’ 

শনিবার রাতে রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীসমাজের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘এজন্য প্রথমত নাগরিক সমাজকে সক্রিয় হতে হবে। স্কোর কার্ড তৈরি করে সমাধান বা জবাবদিহিতা চাইতে পারবেন। দ্বিতীয়ত, জনগণের অভিযোগ দূর করার জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ রাখতে হবে।’

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, মহানগর শাখা সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি শাহজাহান আলী বরজাহান, রাবির অর্থনীতির অধ্যাপক আব্দুল ওদুদ ও উপ-রেজিস্ট্রার গোলাম সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। মত বিনিময়ের শুরুতে নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ড. আতিউর বলেন, ‘আপনাদের হয়তো মনে আছে, বাংলাদেশ ব্যাংকে একটি হটলাইন নম্বর ছিলো। যেখানে প্রতি বছর ৭ হাজারের বেশি অভিযোগ জমা পড়তো। যার ৯০ শতাংশ সমাধান করা গেছে। একইভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সেক্টরে হটলাইন থাকবে হবে। যেখানে অভিযোগ রেকর্ড থাকবে এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আরও পড়ুনঃ মুক্তিযোদ্ধা আহসান হাবিবের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

তিনি বলেন, ‘শিক্ষাখাতের বিনিয়োগ অত্যন্ত নগণ্য। বিনিয়োগ আরো বাড়াতে হবে। সে সঙ্গে মানসম্মত শিক্ষার ওপর জোর দিতে হবে। আমাদের সময় অবকাঠামোগত উন্নয়ন ছিলো না, ছিলেন মানসম্মত শিক্ষক। যাদের শিক্ষার ওপর নির্ভর করে আমরা আজও কাজ করে যাচ্ছি। মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের উপর ভিত্তি করে লাখো কর্মসংস্থান হয়েছে। বর্তমানে দেশে ৩০ লাখ মোবাইল এজেন্ট সৃষ্টি হয়েছে। এতে ৩০ লাখ পরিবার এখন উন্নয়নের ছোঁয়া পেয়েছে। অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে। জিডিপির বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্বের উন্নত দেশে পরিণত হওয়া সম্ভব।’

ইত্তেফাক/নূহু