‘তথ্য না দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে হবে’

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:২৬
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেছেন, রাষ্ট্রের মালিক হচ্ছেন জনগণ। সুতরাং সরকারের লক্ষ্য থাকে জনগণের জীবন মানের উন্নয়ন ঘটানো। তথ্য অধিকার আইনটিও জনগণের কল্যাণে প্রনয়ন করা হয়েছে। তথ্য বইপত্রের মধ্যে লুকিয়ে রাখার মধ্যে কোন মহিমা নেই। তথ্য না দেয়ার পুরাতন সংস্কৃতি থেকে আসতে হবে। আমাদেরকে সেই পথেই চলতে হবে। জনগণের এই আইনটি বাস্তবায়িত হলে সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
 
বুধবার সকালে চৌগাছা উপজেলা মিলনায়তনে তথ্য অধিকার ক্যাম্পের অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উপজেলা জাগ্রত নাগরিক কমিটির (জানাক) সদস্য মাহবুবুল আশরাফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব (সমন্বয় ও সংস্কার) ও এমআরডিআই এর অ্যাডভাইজার মো. নজরুল ইসলাম, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুল হক। সভায় তথ্য অধিকার ক্যাম্পের অভিজ্ঞতা ও ফলাফল বিশ্লেষণ করেন এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন। এ সময় এমআরডিআই এর খুলনা বিভাগীয় সমন্বয়ক ও স্থানীয় দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমদাদুল হক রাজু, পি আই ও মো. ইয়ারুল হক, থানার অফিসার ইনচার্জ মসিউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জাগ্রত নাগরিক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
গোলাম রহমান আরো বলেন, এক সময় মনেই করা হতো জনগণকে তথ্য জানার প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা পোষণ করতাম- তথ্য দেয়া মানেই নিজের মূল্য কমে গেলো। তাই গোপন রাখতাম। আসলে বিষয়টি তা নয়। ২০০৯ সালে আইনটি করার মধ্যদিয়ে জনগণের মৌলিক অধিকারকে আরো সুনিশ্চিত ও প্রতিষ্ঠিত করা হয়েছে। জনগণ সচেতন হলে আড়ালে আবডালে কাজ করার সুযোগ থাকবে না।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআরডিআই এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর হামিদুল ইসলাম হিল্লোল। আগামী ২৭ আগস্ট পর্যন্ত সিংহঝুলী ইউনিয়ন পরিষদের হলরুমে তথ্য অধিকার ক্যাম্প চলবে।