সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির বিতর্কিত ধর্মীয় পুলিশের ক্ষমতা ছেটে দিয়েছে। দেশটিতে 'মুতাওয়া' নামে পরিচিত ধর্মীয় পুলিশ এখন থেকে আর কাউকে ধাওয়া বা আটক করতে পারবে না। খবর- বিবিসির।
সৌদি আরবে 'নৈতিকতার উন্নয়ন ও অধার্মিকতা প্রতিহত' করার দায়িত্বপ্রাপ্ত কমিটি মুতাওয়া নামে পরিচিত। এখন থেকে ধর্মীয় পুলিশকে তাদের পর্যবেক্ষণ নিরাপত্তা বাহিনীকে জানিয়ে কাজ করতে হবে।
মানুষের সামাজিক আচার আচরণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার জন্য দেশটির রাস্তায় টহল দেয় এই পুলিশ বাহিনী। প্রায়ই তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে অভিযোগ উঠে।
গত ফেব্রুয়ারিতে রিয়াদে একটি শপিং মলের বাইরে এক নারীকে হয়রানি করার অভিযোগে এই বিতর্কিত এই বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৩ সালে দুই ভাই তাদের গাড়ির রেডিও বন্ধ করতে অস্বীকৃতি জানালে তাদের ধাওয়া করে মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছিল ধর্মীয় পুলিশ বাহিনীর চার সদস্য। পরে অবশ্য তাদেরকে অভিযোগ থেকে খালাশ করে দেয় দেশটির আদালত।
