সাংবাদিকদের এড়াতে পালালেন ঐশ্বরিয়া

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১০:০২
অডিটোরিয়াম ভর্তি দর্শক। সকলের চোখের সামনেই ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মঞ্চে উঠে পুরস্কারও নিলেন। তারপরই উধাও! খোঁজ করতেই জানা গেল, ঐশ্বরিয়া অডিটোরিয়ামের পিছনের দরজা দিয়ে পালিয়েছেন।
 
সামনের দরজা দিয়ে না গিয়ে পিছনের দরজা কেন? বিষয়টি পরিস্কার হল কিছুক্ষণ পরে। অডিটোরিয়ামে ঢোকার সময়ই ঐশ্বরিয়া দেখে নিয়েছিলেন সংবাদমাধ্যমের উপস্থিতি। গন্ধ পেয়ে গিয়েছিলেন বিপদের। তাই পুরস্কার নেওয়া হতেই পিছনের দরজা দিয়ে প্রস্থান।
 
এই ঘটনা মুম্বাইয়ের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে। ‘এনআরআই অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’-এর পুরস্কার নিতে এসেছিলেন ঐশ্বরিয়া। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস সেনসেশনের সঙ্গে ছবিও তোলেন অ্যাশ। কিন্তু এর কিছুক্ষণ পরই পিছনের দরজা দিয়ে তার প্রস্থান সকলকে অবাক করে দেয়।
 
তবে কিছু সংবাদমাধ্যম অ্যাশের গাড়িটি দেখে ফেলে। বেরিয়ে যাওয়ার পথে তাদের নানা প্রশ্নের উত্তরও দেন অ্যাশ। কিন্তু পানামা কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন ছুটে আসতেই এক্কেবারে চুপ। কোনও উত্তর না দিয়ে বেরিয়ে যান তিনি।
 
বলাই বাহুল্য, বিশ্বজুড়ে যেভাবে ‘পানামা কেলেঙ্কারি’-তে ঐশ্বর্যা ও অমিতাভের নাম জড়িয়েছে তাতে বচ্চন পরিবারের বধূর এমন প্রস্থান স্বাভাবিক।