ভোট কেন্দ্রে না যেতে মাইকিং: বগুড়ায় ৩ যুবকের জরিমানা

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৭:১১

 

নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটারদের না যাওয়ার পরামর্শ দিয়ে মাইকিংয়ের দায়ে বগুড়ার শাজাহানপুরে সিএনজি অটোরিকশার চালকসহ ৩ যুবককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ওই ঘটনা ঘটে। 

জরিমানার দণ্ডপ্রাপ্ত তিনজন হলো, শাজাহানপুর উপজেলার জোড়া নাজমুল উলুম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হুজাইফা (২১), খরনা ইউনিয়নের দাড়িগাছা গ্রামের ফজলুর রহমানের ছেলে পলাশ (২৮) ও সিএনজি অটোরিকশা চালক বামনিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল (২১)। শাজাহানপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা লিজা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, হুজাইফা ও পলাশ নামে দুই যুবক শনিবার রাতে রাসেলের সিএনজিচালিত একটি অটোরিকশায় মাইক লাগিয়ে তাতে নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ সম্বলিত রেকর্ড করা বক্তব্য প্রচার করছিল। রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ ধরনের মাইকিং স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপর তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রচারের সরঞ্জামাদি জব্দ করা হয়। 

পরে রাত ৯টার দিকে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সামনে নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আটক ওই তিন যুবকও তাদের দোষ স্বীকার করে। তখন বিচারক কানিজ ফাতেমা লিজা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধির ১৮ নম্বর ধারায় ওই তিন যুবকের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭দিন করে কারাদণ্ডের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রায় ঘোষণার পর দণ্ডিতরা জরিমানা দিয়ে কারাবাস থেকে রেহায় পায়। 

ইত্তেফাক/নূহু