লেনিনের শব ‘বাঁচিয়ে রাখতে’ বছরে ২ লাখ ডলার

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৩:৫৪
সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিনের মৃতদেহ সংরক্ষণে এ বছর দুই লাখ ডলার ব্যয় করবে রুশ সরকার। বিবিসি জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় ক্রয় সংক্রান্ত সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে জানানো হয়েছে এ তথ্য।
 
রাশিয়ার নিউজ পোর্টাল আরবিকে লিখেছে, প্রয়াত নেতার দেহাবশেষ তার ‘জীবিত রূপের কাছাকাছি’ রাখতে এ বছর ওই অর্থ খরচ হবে। নোটিশে বলা হয়, মৃতদেহ সংরক্ষণের কাজটি ‘বায়োমেডিকেল’ প্রকৃতির। এজন্য সেবাদাতা প্রতিষ্ঠানও পাওয়া গেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
 
১৯২৪ সালে মস্কোর রেড স্কয়ারে প্রথম প্রদর্শনের পর থেকে লেনিনের শবে সব ধরনের ‘মেরামত’ করা হচ্ছে রাশিয়ান বায়োমেডিকেল টেকনোলোজি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার নামের একটি ল্যাবরেটরির তত্ত্বাবধানে।
 
নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর লেনিনের মরদেহ এভাবে কাচ ঘেরা কফিনে প্রদর্শন না করে সমাহিত করার দাবি উঠেছে অনেকবার। সাম্প্রতিক এক অনলাইন জরিপে আট হাজার উত্তরদাতার ৬২ শতাংশই ওই মতকে সমর্থন করেছেন। তবে এসব আহ্বান কানে তোলেনি ক্রেমলিন।   
 
বিবিসি লিখেছে, আজকের রাশিয়ার অনেকেই এতো অর্থ ব্যয় করে ‘মমি’ সংরক্ষণের বিপক্ষে মত দিয়েছেন। কমসোমলস্কায়া প্রাভদার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে একজন মন্তব্যে লিখেছেন, লেনিন নিজেও হয়তো এভাবে মূর্তি হিসেবে পূজিত হওয়ার বিরোধিতা করতেন। আরেকজন তার মন্তব্যে বলেন, কমিউনিস্টরা আবার ক্ষমতায় যেতে পারলে হয়তো বলশেভিক নেতার ক্লোন করার  স্বপ্ন দেখে। বিবিসি।