একাত্তরের রণাঙ্গনের গেরিলা যোদ্ধা ডা. মোরশেদ চৌধুরী মারা গেছেন। রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে গেলিরা বাহিনী ক্র্যাক প্লাটুনে যোগ দেন মোরশেদ চৌধুরী।
মুক্তিযুদ্ধ চলাকালে এক পর্যায়ে ভারতের ত্রিপুরার বিশ্রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য অস্থায়ীভাবে তৈরি বাংলাদেশ হাসপাতালে চিকিত্সক হিসাবে যোগ দেন ডা. মোরশেদ। ত্রিপুরার ওই হাসপাতালই পরে দেশে গণস্বাস্থ্য কেন্দ্র হিসাবে পরিচিতি পায়। ডা. মোরশেদ ওই হাসপাতালের উপদেষ্টা ছিলেন।
রণাঙ্গনের সহযোদ্ধার স্মৃতিচারণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘ডা. মোরশেদ রণাঙ্গণে যেমন সক্রিয় ছিলেন, তেমনি ত্রিপুরায় স্থাপিত বাংলাদেশ হাসপাতালেও রেখেছিলেন অগ্রণী ভূমিকা।’
