নিত্যপ্রয়োজনের জন্য সস্তায় ছোট মাপের ল্যাপটপ যারা খুঁজছেন তাদের জন্য সম্প্রতি নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে প্যান্টেল টেকনোলজিস। এই ডিভাইসটিকে ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যাবে, আবার প্রয়োজনে ট্যাবলেটের মতোও ব্যবহার করা যাবে।
‘পেন্টা টি-প্যাড’ নামের ডিভাইসটি বর্তমানে পাওয়া যাচ্ছে ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম শপক্লুজে। এর জন্য খরচ পরবে ১০ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৯০০ টাকা।
ডিট্যাচেবেল এই ল্যাপটপটিতে ইন্টেল অ্যাটম এক্স ফাইভ (১.৪৪ গিগাহার্জ) প্রসেসর রয়েছে। ল্যাপটপটি প্রযুক্তিগত দিক দিয়ে যেমন উন্নত, তেমনি আবার হালকা। আর আকারে ছোট হওয়ায় বহন করাও সুবিধাজনক।
ল্যাপটপটিতে একটানা পাঁচ থেকে সাত ঘণ্টা কাজ করা যাবে বলে দাবি করেছে নির্মাতারা। অন্তত একদিন চার্জ থাকবেই।
১২৮০*৮০০ পিক্সেলের ১০.১ ইঞ্চির টেন পয়েন্ট ক্যাপাসিটিভ স্ক্রিন রয়েছে ল্যাপটপটিতে। এছাড়াও ২জিবি র্যাম এবং ৩২জিবি ইন্টারনাল মেমরি রয়েছে, যা ২৫৬জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।
ল্যাপটপটিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম প্রি-ইন্সটল করা আছে। যথারীতি ৫ মেগাপিক্সেল ব্যাকক্যামেরাও রয়েছে।
প্যান্টেল টেকনোলজিস মূলত একটি নতুন তথ্যপ্রযুক্তি ও কমিউনিকেশন ডিভাইস নির্মাতা কোম্পানি। প্রতিষ্ঠানটি ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বাজারের জন্য প্রযুক্তিপণ্য এনে থাকে। খবর- হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি’র।
