‘জাতীয় ঐক্যের ডাক দেয়ার আগে ক্ষমা চাইতে হবে’

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৪:৫৮
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া যদি জাতীয় ঐক্যের ডাক দেন, তার আগে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি জাতির জনকের হত্যাকারীদের রাজনৈতিকভাবে আশ্রয়  দিয়ে বিচার বন্ধের ব্যবস্থা করেছেন, তাদের পুরস্কৃত করেছেন। এ জন্য কোনো ধরনের অনুতাপ আছে কি না তা খোলাসা করতে হবে।
 
আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার মিলপাড়া ফুটবল মাঠে ২য় মেয়র কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৬ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
মাহাবুব-উল আলম হানিফ বলেন, তথাকথিত ৯০ দিনে অবরোধের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করল।এ ব্যাপারে তার মধ্যে কোনো অনুশোচনা আছে কি না, দুঃখবোধ আছে কি না, নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছেন কি না তা জানাতে হবে। এরপর তিনি জাতীয় ঐক্যের কথা ভাবতে পারেন।
 
তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সহিংসতা ঘটেছে এটা দুঃখজনক। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকারে বিশ্বাসী, কখনো চায় না জনগণের ভোটাধিকার নিয়ে এ ধরনের ঘটনা ঘটুক। বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ২০০ জন মারা গিয়েছিল। সেটাও জনগণ ভুলে নাই।