চ্যাম্পিয়ন্স লিগ : সেমির লড়াইয়ে রিয়াল-সিটি, আতলেতিকো-বায়ার্ন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৬:৩৯
 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রথমবারের মতো শেষ চারে ওঠা ম্যানচেস্টার সিটিকে। অন্য সেমি-ফাইনালে লড়বে শিরোপাধারী বার্সেলোনাকে বিদায় করে দেওয়া আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।
 
শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে দুই সেমি-ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়। শেষ চারের প্রথম লেগের খেলা হবে ২৬ ও ২৭ এপ্রিল এবং দ্বিতীয় লেগের খেলা হবে ৩ ও ৪ মে।
 
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কেবল এক মৌসুমেই মুখোমুখি হয়েছিল রিয়াল ও সিটি। ২০১২-১৩ মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-২ গোলে জেতে রিয়াল। ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি ২০০৯-১০ মৌসুমে রিয়ালের দায়িত্বে ছিলেন।