হাজারীবাগে তরুণীকে ছুরিকাঘাত

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ২০:২৭
 
পুরনো ঢাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিপা আক্তার (১৯) নামে এক তরুনীকে ছুরিকঘাত করেছে এক যুবক। বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
 
রিপার বড়বোন রুপা আক্তার বলেন, তার ছোট বোন রায়েরবাজারে একটি পোশাক বিক্রির দোকানের বিক্রয়কর্মী। কাজ শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে নিমতলা নামক স্থানে চাকমা আমিন তার রিকশার গতিরোধ করে। এরপর প্রথমে রিপার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় রিপা চিত্কার শুরু করলে চাকমা আমিন রিপার দুই গালে ও গলায় ছুরিকাঘাত করে ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
 
তিনি আরো বলেন, চাকমা আমিন কিছু দিন ধরে রিপাকে উত্ত্যক্ত করে আসছিল এবং গত সপ্তাহে সে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আমিন রিপাকে ছুরিকাঘাত করে।
 
হাজারীবাগ থানার ওসি মীর আলীমুজ্জামান বলেন, অভিযুক্ত চাকমা আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।