বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'শফিক রেহমানকে গ্রেফতার একটি নাটক। সরকার কোনো দিক সামল দিতে পারছে না। তার মতো একজন গুণী ব্যক্তিকে গ্রেফতার করে সরকারের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে। তাকে গ্রেফতারে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। যে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।'
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদের জীবন যাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর লেখেন তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেফতার করা সরকারের চৈতন্য লোপের শামিল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
