'শফিক রেহমানকে গ্রেফতারই প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই'

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১২:২৪
 
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করায় নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'শফিক রেহমানকে গ্রেফতার করায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত। এতেই প্রমাণিত হয় এদেশে কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। নেই কোনো গণতন্ত্র।' তাকে মুক্ত করা জন্য আহবান জানান তিনি। 
 
শনিবার সকালে শহরের গোয়ালপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। 
 
তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচিত মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে এই সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একাধিক মামলা দায়ের করে। মুক্তি পাওয়ার পর শুক্রবার রাতে তাকে ফের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
 
মেয়র মান্নানকে গ্রেফতার করা প্রসঙ্গে তিনি বলেন, 'এই সরকার ভোটার বিহীন ও অনির্বাচিত হওয়ায় তারা নির্বাচিত কোনো মানুষকে পছন্দ করে না। সে জন্য অধ্যাপক আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।'
 
মির্জা ফখরুল অবিলম্বে সাংবাদিক শফিক রেহমান ও অধ্যাপক আব্দুল মান্নানের মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সুসংগঠিত কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
এসময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।