এদেশে কথা বলা ও লিখার স্বাধীনতা নেই: মির্জা ফখরুল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১২:২৮
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত। এতেই প্রমাণিত হয়, এদেশে কথা বলা ও লিখার স্বাধীনতা নেই।’
 
শনিবার সকালে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ি পরিদর্শনকালে ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।  
 
বিএনপির এ মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচিত মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে এ সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একাধিক মামলা দায়ের করে। মুক্তি পাওয়ার পর শুক্রবার রাতে তাকে ফের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 
অবিলম্বে সাংবাদিক শফিক রেহমান ও অধ্যাপক আব্দুল মান্নানের মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ফখরুল। অন্যথায় সুসংগঠিত কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
এ সময়  জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।