জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৭:২৫
 
এবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এ মালেক অভিযোগ করে বলেছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে খালেদা জিয়া নিজের ছবি তোলার জন্য জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
 
তিনি বলেন, পহেলা বৈশাখে খালেদা জিয়া বিএনপি কার্যালয়ে জাতীয় সঙ্গীত চলাকালে নিজের ছবি ভালোভাবে তোলার জন্য সামনের নেতা-কর্মীদের বসিয়ে দিয়েছেন। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, সভায় আপনারা এত লোক আলোচনা করলেন অথচ এই কথাটি কেউ বললেন না।
 
তিনি আরো বলেন, জাতীয় সঙ্গীত চলাকালে বিএনপির সিনিয়র নেতারা ক্যামেরার সামনের লোকদের বলেছেন, ছবি দেখা যাচ্ছে না আপনারা বসুন। আর তিনি (খালেদা জিয়া) ছবি তোলার জন্য দাঁড়িয়ে তা দেখছেন। যিনি ছবি তোলার জন্য জাতীয় সঙ্গীতকে অপমান করতে পারেন তার নেতৃত্বে মৌলবাদী শক্তির উত্থান তো হবেই।
 
আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহীম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুন কুমার গোস্বামী প্রমুখ।