সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন করেছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি)।
১৬ এপ্রিল (শনিবার) রাজধানীর উত্তরায় লেডিস ক্লাবে এটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এই অনুষ্ঠান সকাল ১১টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত চলে। বাংলা নববর্ষ উদযাপনে সুবিধা বঞ্চিত শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান স্থানটি বাঙালী ঐত্যিহে সাজানো হয় এবং শিশুদের হাত ও মুখেও বিভিন্ন নকশা আঁকা হয়। শিশুদের আনন্দ দিতে প্রতিচ্ছবি অংকন, মেহেদী অংকন, সং এবং একটি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিশুদের বিভিন্ন বাঙালী ঐতিহ্যবাহী উপহার দেওয়া হয়। শিশুদের পারফর্ম করার জন্য অনুষ্ঠান উন্মুক্ত করে দেওয়া হয়েছিলো। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, আইপিডিসি'র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মমিনুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আইপিডিসি দেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান। ১৯৮১ সালে কয়েকটি স্বনামধন্য কোম্পানি নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। এর শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএসএ; জার্মান ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি (ডিইজি), জার্মানি; দি আগা খান ফাউন্ডেশন ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), সুইজারল্যান্ড; কমনওয়েলথ ডেভেলপমেন্ট করপোরেশন (সিডিসি), ইউকে এবং বাংলাদেশ সরকার।
