২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে : অর্থমন্ত্রী

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২১:৩০
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে ও দারিদ্র হ্রাস পাবে। ২০৩০ সালের মধ্যে দেশে দারিদ্রের হার নেমে আসবে ১০ ভাগের নিচে।
 
অর্থমন্ত্রী শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাধীনতা পদক পাওয়ায় নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
 
অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৫৬-৫৮ সালের মধ্যে আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পায়। বঙ্গবন্ধু গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সংগঠিত  করেন। এরই ধারবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। স্বাধীনতার পর যখন দেশ গঠন শুরু হয়েছে, ঠিক সেই সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে কিছু কুলাঙ্গার গোষ্ঠী বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করে।
 
তিনি বলেন, ১৬ বছর চেষ্টার পর সেই ভূতটাকে ঘাড় থেকে নামায় জনগণ। গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। শেখ হাসিনার নেতৃত্বে মানুষের ভোটের অধিকার, নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ।
 
অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে বর্তমানে ৩ কোটি লোক এখনো দারিদ্রসীমার নিচে বসবাস করে। আমরা দারিদ্রকেও বিদায় করবো। আমরা বীরের জাতি। আমাদের ধৈর্য্য আছে। আমরা ৪৫ বছর নানা দুঃখ-কষ্ট, বঞ্চনার শিকার হয়েছি। আল্লাহর মেহেরবানিতে আমরা দীপ্তপথে এগিয়ে যাচ্ছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা দেখালেন, তাতে আমি অভিভূত।
 
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর ভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক দূত ড. এ কে মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ,  সংসদ সদস্য ইমরান আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অনুষ্ঠানের অর্থমন্ত্রীর অপর দুই ভাই ড. এ কে মুবিন ও এসএম মুহিত (সুজন) উপস্থিত ছিলেন।
 
এদিকে সংবর্ধনাস্থলের পাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। একটি সিএনজি অটোরিকশা থেকে রামদা ও ৬টি লোহার রড উদ্ধার করা হয়।
 
কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে ওই বস্তায়ে ২৩টি রামদা ও ৬টি লোহার রড পাওয়া গেছে।