বুন্দেসলিগায় নিজেদের মাঠে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ৩-০ ব্যবধানের জয়ে অপর গোলটি আর্তুরো ভিদালের।
শনিবার রাতে শালকের জালে তিনটি গোলই দ্বিতীয়ার্ধে পায় বায়ার্ন। ৫৪তম মিনিটে কর্নার থেকে ভিদালের হেড করে বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড। বুন্দেসলিগার এই মৌসুমে ২৭টি গোল করে সবার উপরে আছেন লেভানদোভস্কি।
৭৩তম মিনিটে চিলির ভিদালের গোলে চলতি লিগে পেপ গুয়ার্দিওলার দলের ২৫তম জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ৩০ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরো জোরালো করেছে চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে ওঠা বায়ার্ন। এক ম্যাচ কম খেলা বরুসিয়া ডর্টমুন্ড ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গোল.কম।
