নওগাঁর মান্দায় একটি পিস্তল, রাইফেল, ককটেল, গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়বাংলার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ গ্রামের আরমান হোসেন (২৪) ও একই জেলার আরচুন্নি গ্রামের মো. স্বপন (৪২)। তবে তাৎক্ষণিক বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনা বেচার জন্য উপজেলার জয়বাংলার মোড়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় পুলিশ তল্লাশি করে তাদের কাছে থাকা একটি পিস্তল, একটি কাটা রাইফেল, তিনটি ককটেল ও ২ রাউন্ড তাজা গুলি জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
