ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। রবিবার রাজ্যের মোট ৫৬টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।
দ্বিতীয় পর্বে দার্জিলিংয়ের ছয়টি, জলপাইগুড়ির সাতটি, মালদহের ১২টি, উত্তর দিনাজপুরের নয়টি, দক্ষিণ দিনাজপুরের ছয়টি, আলিপুর দুয়ারের পাঁচটি ও বীরভূমের ১১টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল ৭টায় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। তবে মাওবাদী অধ্যুষিত সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে ভোট শুরুর পরপরই বীরভূম জেলার বেশ কয়েকটি স্থানে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে জাল ভোট, বিরোধী দলের এজেন্টদের পেটানোসহ একাধিক অভিযোগ উঠেছে। অবশ্য এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভোট গ্রহণ শুরু হতেই একাধিক কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় সেসব কেন্দ্রে ভোট গ্রহণে ব্যাঘাত ঘটে।
দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা এক কোটি ২১ লাখ ৭৪ হাজার ৯৪৭ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১৩ হাজার ৬৪৫টি। এই দফায় মোট ৩৮৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৩৩ জন।
প্রতিটি রাজনৈতিক দলেই বেশ কয়েকজন হেভিওয়েট ও সেলিব্রেটি প্রার্থী রয়েছেন। যাঁদের মধ্যে শিলিগুড়ি কেন্দ্রে রয়েছেন তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া, একই কেন্দ্রে সিপিএমের হয়ে প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য, সুজাপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন আবু নাসের খান চৌধুরী, একই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন তাঁর ভাইপো ইশা খান চৌধুরী।
ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মালদার ইংরেজ বাজারে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বীরভূমের ময়ূরেশ্বর কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মোট ছয় দফার ভোট পর্ব শেষ হবে আগামী ৫ মে। ১৯ মে থেকে চলবে ভোট গণনা। দ্য হিন্দু।
