শারীরিক অবস্থার উন্নতি হলেও আশঙ্কামুক্ত নন দিলীপ কুমার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৩:৩৯
 
বর্ষীয়ান অভিনেতা দিলীপর কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছে চিকিত্সকরা।
 
চিকিত্সক জলির পারকার লীলাবতী হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেছেন, হাসপাতালে ভর্তির পর থেকে দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার শারীরিক অবস্থা খারাপ না হলেও কিছুটা ভাল হয়েছে। কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এখনো কিছু বিশেষ পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। আমরা সেগুলো করছি। ৪৮ ঘণ্টা আমার তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবব।
 
পারকার বলেছেন, ৯৩ বছর বয়সী অভিনেতার ফুসফুসে ইনফেকশন হয়েছে, জ্তর আছে ও বমি হচ্ছে। তবে তার জ্ঞান আছে এবং খাবার খেতে পারছেন।
 
তিনি বলেছেন, আমরা এখনো বলব না যে তিনি বিপদমুক্ত। আমাদেরকে আরো দুইদিন দেখতে হবে। তাকে আইসিইউকে রাখার দরকার নেই। আমরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছি। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর আমরা বলতে পারব, তিনি হাসপাতাল ছাড়তে পারবেন কিনা।
 
গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন দিলীপর কুমার। শনিবার তার স্ত্রী সায়রা বানু জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।
 
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহম্মদ ইউসুফ খান। ছয় দশকের অভিনয় জীবনে তিনি ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুগল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অর শ্যাম’, ‘কর্ম’ ও আরো অনেক ছবি উপহার দিয়েছেন।
 
দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবিতে কাজ করে তিনি এই আখ্যা পেয়েছেন। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।
 
গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯৪ সালে তাকে পদ্মভূষণ দেয়া হয়। এর তিন বছর পর তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান। খবর: এনডিটিভি।