কংগ্রেসের বিল নিয়ে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের হুমকি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৩:৫২
নিউ ইয়র্কের টুইন টাওয়ার (৯/১১) হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে বিল পাশ করা হলে যুক্তরাষ্ট্রের ৭৫০ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় বন্ড বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছে দেশটি। শনিবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 
প্রতিবেদনটিতে জানানো হয় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর গত মাসে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বলেছেন, আমেরিকান আদালত কর্তৃক সম্পদ জব্দ করার বিপদে পড়ার আগেই সৌদি আরব যুক্তরাষ্ট্রের থাকা ৭৫০ বিলিয়ন ডলারের ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য সম্পদ বিক্রি করে দিতে বাধ্য হবে।
 
চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্র সিনেটের জুডিসিয়ারি কমিটিতে বিলটি পাস হয়। এতে ‘সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত’ হওয়ার মতো ঘটনায় বিদেশি সরকারের উপর থেকে আইনি সুরক্ষা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইন প্রণেতাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের ব্যাপক আলোচনার বিষয় হচ্ছে সৌদি হুমকি।
 
এতে আরো বলা হয়, প্রক্রিয়াধীন বিলটির পথ বন্ধ করতে ওবামা প্রশাসন কংগ্রেসের সঙ্গে আলোচনা করে যাচ্ছে। বিলটি অনুমোদন করা হলে ‘কূটনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়’ হতে পারে বলে সিনেটরদের সতর্ক করেছেন প্রশাসনের কর্মকর্তারা। অপরদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই সন্ত্রাসী হামলায় (৯/১১) হতাহতদের পরিবার ও তাদের ভালবাসার মানুষদের পাশে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়টির মুখপাত্র জন কিরবি বলেন, সন্ত্রাসী ও যারা তাদের ভ্রান্ত নীতি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সন্ত্রাসবাদকে ব্যবহার করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রয়টার্স।