কাতারের দোহায় অনুষ্ঠিতব্য তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের একটি শীর্ষ সম্মেলনে ইরান কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না। রবিবার তেহরানের জ্বালানিমন্ত্রী এই তথ্য জানান। তেল উত্পাদন হ্রাসের লক্ষ্যে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
ইরানের জ্বালানিমন্ত্রী বিজান জানাগানেহ উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা শানা জানিয়েছে, যারা তেল উত্পাদন হ্রাসের পরিকল্পনায় যোগ দিতে চায় তাদের জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে যেহেতু ইরান এই পরিকল্পনায় স্বাক্ষর করবে না তাই সেখানে ইরানের কোন প্রতিনিধি থাকার প্রয়োজন নেই।
এর আগে শুক্রবার তেহরান বলেছিল, রবিবার কাতারে অনুষ্ঠিতব্য ওপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরান প্রতিনিধি পাঠাবে।
পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে পরমাণু সংশ্লিষ্ট অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার পর দেশটি অপরিশোধিত তেল উত্পাদন বাড়িয়ে দিয়েছে। খবর: এএফপি।
