কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া তাসকিন আহমেদ পেলেন একটি সুখবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর হয়ে খেলবেন এই গতিতারকা। এটি নাকি তার স্বপ্নই ছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হলেও বোর্ডের অনুমতি নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই তাসকিনের। দেশের সবচেয়ে দ্রুত গতির পেসারের দল পেতে কোনো সমস্যা হয়নি। শিরোপা প্রত্যাশী আবাহনী দলে নিয়েছে তাকে। বোলিংয়ে ত্রুটি থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়ে থাকা তাসকিনের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে অধীর এই তরুণ।
তাসকিন বলেন, ‘একেবারে ছোট থেকে শুনে আসছি আবাহনী-মোহামেডানের কথা। এখন পর্যন্ত আবাহনীতে খেলা হয়নি। এবার আবাহনীতে খেলার সুযোগ হয়েছে এটাকে স্বপ্ন পূরণও বলতে পারেন। এবার বাবারই ইচ্ছে ছিল আমি আবাহনীতে খেলি।’
২২ এপ্রিল শুরু হতে যাওয়া এবারের লিগে আবাহনীর কোচ সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ। নতুন দলে তাকে কোচ হিসেবে পেয়ে ভীষণ খুশি তাসকিন।
অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে তাসকিনকে পরামর্শ দিয়ে আসছেন সাবেক অলরাউন্ডার মাহমুদ, ‘তিনি জানেন আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করলে ভালো ফল এনে দিতে পারি। আমি সব সময় উনার দলে খেলতে চাই।’
