আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন বলেছেন, বিএনপি-জামায়াত জোট কখনো মুজিবনগর দিবস মানে না। তাই তাদের মুখে দেশপ্রেমের কথা মানায় না।
রবিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। একই মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম সরকার। বেগম জিয়াকে পাকিস্তানি তাবেদার ও এজেন্ট আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বেগম জিয়া এদেশেকে জঙ্গি রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিতি করেছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ নেতারা। অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন আনছার, পুলিশ, বিএনসিসি ও ছাত্রছাত্রীরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।
১৯৫৭ সালের ২৩ জুন পলাশীর এমনি এক আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। ঠিক এর ২১৪ বছর পর পলাশীর অদূরে আরেক আমবাগানে বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়। আম বাগানের চারিদিকে রাইফেল হাতে কড়া প্রহরা বসিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। উৎসাহী জনতা দেখছে ঐতিহাসিক মূহুর্তটি। টিভি ও ফটো সাংবাদিকরা মন ভরে ছবি তুলছেন। মুক্ত আকাশের নিচে চৌকি পেতে তৈরি করা হয়েছে শপথ মঞ্চ।
এদিকে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় করেন। বিকেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীরা।
