ডিপিএলে শেখ জামালের হয়ে খেলবেন রবি বোপারা!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:৩৯
কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে মিরপুর-ফতুল্লা-বিকেএসপিতে চলছে ক্লাবগুলোর অনুশীলন পর্ব।
 
প্রত্যেক দলই ঘর গুছিয়ে ফেললেও এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটার দলে টানেনি কোনো ক্লাব। তবে ২-৩ দিনের মধ্যেই দলগুলো তাদের পছন্দমত বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করবে। ক্লাবগুলোর কোচ ও ম্যানেজারদের সঙ্গে আলোচনা করে জানা গেছে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কথা-বার্তা চলছে।
 
জানা গেছে, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে বিপিএল তৃতীয় আসরে সিলেট সুপারস্টারের হয়ে খেলা ইংলিশ ক্রিকেটার রবি বোপারার। টিম ম্যানেজম্যান্ট সূত্র এ বিষয়ে মুখ না খুললেও দলের সিনিয়র ক্রিকেটার মুক্তার আলী বিষয়টি এক প্রকার নিশ্চিতই করলেন।
 
তিনি বলেন, ‘রবি বোপারার নাম শুনছি। তবে এটা এখনও নিশ্চিত নয়। রিয়াদ ভাই টিম মিটিংয়ে রবি বোপারার নাম বলেছিল। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’