'বৃহন্নলা'র জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৮:১৮
মুরাদ পারভেজ পরিচালিত 'বৃহন্নলা' চলচ্চিত্রটি ২০১৪ সালে সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা সংলাপ রচয়িতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। কিন্তু এই চলচ্চিত্রের বিরুদ্ধে নকলের অভিযোগ প্রমাণিত হওয়াই তিনটি পুরস্কারই বাতিল ঘোষণা করেছে সরকার।
 
এ বিষয়ে তথ্য সচিব মর্তুজা আহমেদ বলেন, 'সরকারী অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে একটি শর্ত হল গল্পটি মৌলিক হতে হবে। ফলে যখন অভিযোগ পাওয়া গেছে, যে এই গল্পটি মৌলিক নয় এবং অন্য একজনের গল্প থেকে নেয়া এবং সেখানে কোনরকম স্বীকৃতি দেয়া হয়নি, তখন তথ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এবং সেই তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ার পর পুরষ্কার বাতিল করা হয়েছে '
 
জানা গেছে, পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোটগল্প 'গাছটি বলেছিল' থেকে এর কাহিনী নেওয়া হয়েছে। কিন্তু মুরাদ পারভেজ কাহিনিকার হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন।
 
এদিকে সৃষ্টিশীলতাকে প্রশ্নবিদ্ধ করায় মুরাদ পারভেজের কাছ থেকে ‘বৃহন্নলা’ নির্মাণের জন্য সরকারি অনুদানের ২৪ লাখ টাকা সুদে-আসলে জরিমানা করা হবে। তবে নির্মাতা আবেদন করলে হয়তো জরিমানার অর্থে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।
 
অন্যদিকে বৃহন্নলা'র পুরস্কার বাতিল হওয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পথিকের 'নেক্কাবরের মহাপ্রয়াণ' হতে যাচ্ছে ২০১৪ সালের সেরা চলচ্চিত্র। আর সেরা কাহিনীকার হচ্ছেন 'মেঘমল্লা'র ছবির জন্য আখতারুজ্জামান ইলিয়াস ও একই ছবির জন্য জাহিদুর রহিম অঞ্জন পাচ্ছেন সেরা সংলাপ রচয়িতা পুরস্কার। আর বাকি সব ঘোষিত পুরস্কার ঠিকই থাকছে।