মার্সেল দ্বিতীয় বিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রবিবার ফাইনালে বাংলাদেশ আনসার ২৫-১৩, ২৫-১৭, ২৫-১৭ পয়েন্টে ৩-০ সেটে বিকেএসপিকে পরাজিত করে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলই এবারের লিগে প্রথমবারের মত অংশগ্রহণ করে।
৭ এপ্রিল পল্টনস্ত ভলিবল স্টেডিয়ামে শুরু হয় মার্সেল ট্যালেন্ট হান্ট দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ। তৃতীয় স্থান অর্জন করে বনানী নবারুণ সংঘ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বাংলাদেশ আনসারের আল-আমিন। তাকে পৃষ্ঠপোষক ব্র্যান্ড মার্সেল এর পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আল-মামুন, সিনিয়ার সহকারী পরিচালক, হেড অব মার্সেল মার্কেটিং (দক্ষিণ)।
এ সময়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ ফজলে রাব্বি বাবুল ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক কাজী আব্দুল হান্নানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
