খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক একটি মহলের সাথে আঁতাত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাস-জঙ্গিবাদ এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চায়।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় যে আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করেছিল, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, সেই আন্তর্জাতিক মহল এখনো ষড়যন্ত্র করছে। এখনো তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করে। অথচ তাদের দেশের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। এখনো তারা বাংলাদেশে আইএস আছে বলে প্রচার করে। তারা বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়।
সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। সারা বাংলাদেশের মানুষ আজকে এটাই অনুধাবন করে। তিনি বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলে যখনই গিয়েছি, সেখানে প্রধানমন্ত্রীর জনসভায় ঢল নামতে দেখেছি। মানুষ প্রধানমন্ত্রীর নামে প্ল্যাকার্ড বয়ে আনে। নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করে চলছি, সেভাবে এই নতুন কমিটি জঙ্গিবাদ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হবে, ভূমিকা রাখবে বলে আশা করি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
