রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। রবিবার দুপুরে হাসপাতালটির ‘দালাল’ হিসেবে পরিচিত ওই ব্যক্তিদের র্যাবের মাধ্যমে আটক করে সাজা দেয়া হয়।
দালালদের আটকের পর কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। অভিযানে র্যাবের নেতৃত্বে ছিলেন র্যাব-২ সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক। এর মধ্যে মজনু খাঁ ও নাজিমকে ছয় মাসের কারাদণ্ড, রেজাউল করিম, সুমন, সিদ্দিকি ও মোকারম হোসেনকে ২ মাসের দণ্ড, আলী ও রুবেল প্রধানকে ১ মাসের দণ্ড, শারমিন, রেশমা, শাহানা বেগম, রত্না রানী দাশ, কল্পনা ও আজিরনকে ১৫ দিনের দণ্ড ও মরজিনা শারমিন এবং সহিদুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন জানান, পঙ্গু হাসপাতালে আসা রোগীদের কম টাকায় চিকিত্সার প্রলোভন দেখিয়ে দালালরা বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এর বিনিময়ে দালালরা ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা পায়।
তিনি আরও জানান, দালালদের কবলে পড়ে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি ক্লিনিকের নিম্নমানের চিকিত্সা রোগীদের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। আটককৃতরা দোষ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
