শিল্পপতি আলী হায়দার চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২১:৩৪
বেঙ্গল লেদার গ্রুপের চেয়ারম্যান আলী হায়দার চৌধুরীর মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে ঢাকাস্থ রায়পুরবাসী নামক একটি সংগঠনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘মরহুম আলী হায়দার চৌধুরীকে শুধু ভালো মানুষ বললে অবিচার করা হবে, তাঁর মত প্রচারবিমুখ জনহৈতষী ব্যক্তি সমাজে বিরল। এলাকার সাধারণ মানুষের জীবন- জীবিকার উন্নয়নে মরহুমের নিরলস প্রচেষ্টা শুধু রায়পুরবাসীকে নয়, পুরো লক্ষ্মীপুরবাসীকেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও ক্রীড়া ব্যক্তিত্ব হারুনুর রশীদ। ঢাকাস্থ রায়পুরবাসীর আহবায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন মরহুমের সন্তান টিপু সুলতান, রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, লক্ষ্মীপুর যুব কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন, মেজর তৌফিকুর রহমান, কালের কন্ঠের ডিজিএম হারুনের রশীদ, রেডিয়েন্ট গ্রুপের পরিচালক বেলাল আহমেদ প্রমুখ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সমিতির সেক্রেটারি, বিটিসিএলের পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুল আলম।