ক্ষমতার অপব্যবহার করায় ইন্দিরা গান্ধীর মতো অবস্থা হবে মমতারও: মোদী

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১১:০০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো ক্ষমতার অপব্যবহার করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইন্দিরা গান্ধী সরকারি ক্ষমতার অপব্যবহার করে ৬ বছর নির্বাচনে লড়ার অধিকার হারিয়েছিলেন। মমতা ব্যানার্জিরও একই দশা হবে। 
 
রবিবার কলকাতা ও কৃষ্ণনগরে নির্বাচনী জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঘণ্টা পর কলকাতার এক জনসভায় মমতার পাল্টা তোপ, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। নিজের কী হবে তার ঠিক নেই, আবার আমাদের বলছে। এদিকে রবিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট হয় বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে।
 
মোদী বলেন, মমতা হেরে বসে আছেন। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছেন। দলীয় নির্বাচনী সভায় নির্বাচন বিধি ভঙ্গ করেছেন তৃণমূল নেত্রী মমতা। তাঁকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। তাঁর হয়ে জবাব দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব। প্রধানমন্ত্রী মোদী প্রশ্ন তোলেন, তৃণমূল নেত্রীকে শোকজের জবাব পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব কেন দেবেন? এ রকম সরকারি ক্ষমতার অপব্যবহার করতেন ইন্দিরা গান্ধী।
 
কৃষ্ণনগরের সভায় মোদী বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট নদীয়া জেলার সঙ্গে অন্যায় করেছিল জাতীয় কংগ্রেস। নদীয়া জেলাকে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয়েছিল। জনগণের চাপে ১৮ আগস্ট ফেরত আনতে হয়। তিনি বলেন, লুক ইস্ট নীতিতে কলকাতা বিশ্বে বড় ক্ষমতাধর হতে পারে নতুন করে। যেমনটা বঙ্গভঙ্গের আগে ছিল। পাশাপাশি জোট নিয়ে  সিপিএম, কংগ্রেস জোটকে কটাক্ষ করে মোদী বলেন, কেরালায় কুস্তি, পশ্চিমবঙ্গে দোস্তি। এ কেমন রাজনীতি? যাদের দেশ প্রত্যাখ্যান করেছে তাঁদের আপনারা গ্রহণ করবেন? মোদীর বক্তব্য, সিপিএমের রোগ ধরেছে তৃণমূলের। সবটাই সিন্ডিকেট চালায়। তাই তো কলকাতায় বিবেকানন্দ রোডে উড়ালপুল ধসে পড়ল। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে সব দলের সরকার দেখেছেন। এবার বিজেপিকে দেখুন।
 
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ৫৬টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ক্ষমতার রাস নিজেদের হাতে রাখতে গতকাল সকাল থেকেই বীরভূমের দখল নিল মমতা ব্যনার্জির তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ করেছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি। বিজেপির পক্ষ থেকে বীরভূমের ১১টি আসনেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। বীরভূমে সন্ত্রাসের অভিযোগে সেখানকার তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে এফআইআর করেছে নির্বাচন কমিশন। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।
 
রবিবার বোলপুরে বিজেপির এক পোলিং এজেন্টকে সেখানে মেরে মাথা ফাটিয়ে দেয়া হয়। ইলামবাজারে আক্রান্ত হন বামফ্রন্টের এজেন্ট। তাঁরও মাথা ফাটে। আক্রান্ত হয়েছে বিজেপির ৬ কর্মী এবং ২ জন বাম কর্মী। বিরোধীদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে  গ্রেপ্তার করা হয়েছে। নানুরের বেশ কিছু বুথেও বিরোধীদের বসতে দেয়া হয়নি। দুবরাজপুরের ১২টি বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে দেয়া হয়নি। ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘ওই ১২ বুথে তৃণমূল অবাধে ছাপ্পা ভোট দিয়েছে। দুবরাজপুরের কাঁকরতলায় বামেদের এক এজেন্টকে অপহরণ করার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের লাভপুর দিনভর অশান্ত ছিল। লাভপুরের সাউগ্রামে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তৃণমূল সমর্থকরা।