বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্প এলাকায় চারদিনের ব্যবধানে ফের আগুন লেগেছে। বন বিভাগের দাবি, পরিকল্পিতভাবে বন সংলগ্ন এলাকার দুর্বৃত্তরা বনভূমিতে এই আগুন ধরিয়ে দিয়েছে।
সোমবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে বন বিভাগ ও স্থানীয় কয়েকশ এলাকাবাসী। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ ঘটনাস্থল থেকে মোবাইলে জানান, সকাল সাড়ে নয়টার দিকে বনরক্ষীরা বন এলাকায় ধোঁয়া দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সেখানে ফায়ার লাইন কাটা হচ্ছে। এছাড়া শরণখোলা, মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে খবর দেয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ ও ১৩ এপ্রিল সুন্দরবনের একই এলাকায় অগ্নিকান্ডে প্রায় ১০ একর বনভূমি পুড়ে যায়।
