শিবপুরে ৯’শ শিক্ষকের মানবেতর দিনযাপন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৪:০৮
নরসিংদীর শিবপুর উপজেলার ১৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯শ শিক্ষক-শিক্ষিকা ১৮ দিন পেরিয়ে গেলেও গত মার্চ মাসের বেতন পাননি। সঠিক সময়ে বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে নববর্ষের আনন্দ বঞ্চিতসহ মানবেতর দিনযাপন করছেন তারা।
 
জানা গেছে, শিবপুর উপজেলায় মোট ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এসব বিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্বে রয়েছেন প্রায় ৯শ শিক্ষক/শিক্ষিকা। মানুষ গড়ার কারিগর নামের এসব শিক্ষকদের অনেকের সংসার চলে মাস শেষে প্রাপ্ত বেতনের টাকা দিয়ে। কিন্তু মাসের ১৮ দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে সময় মত বেতন পাচ্ছেন না তারা। ফলে বেতনের ওপর নির্ভরশীল এইসব শিক্ষক পরিবার ছেলে-মেয়ে নিয়ে নববর্ষ উদযাপন করতে পারে নি। আজ প্রায় ১৮ দিন ধরে মানবেতর দিনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।
 
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা খান ইউসুফের  সঙ্গে যোগাযোগ করলে তিনি শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়টি অনলাইনে অন্তর্ভুক্ত করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আগামী সপ্তাহের মধ্যে নতুন স্কেলের মাধ্যমে সকল শিক্ষক/শিক্ষিকাদের বেতন দেয়া হবে।