কোহিনুর হিরা ভারত থেকে ব্রিটেনে চুরি বা লুট করে নিয়ে যাওয়া হয়নি। এই কারণে ভারতের তা দাবি করা উচিৎ হবে না। সুপ্রিম কোর্টে এমন বক্তব্য উত্থাপন করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়।
সরকারের পক্ষ থেকে এমন বক্তব্যের জবাবে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে ভারত ১০৫ ক্যারেট ওজনের এই হীরার মালিকানা দাবি করার সুযোগ হারাবে।
ভারতের সর্বোচ্চ আদালতে অল ইন্ডিয়ান হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট ব্রিটেনে নিয়ে যাওয়া অ্যান্টিক জিনিসপত্র ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে আবেদন করেছে। কোহিনুর ছাড়াও মহীশুরের রাজা টিপু সুলতানের তলোয়ারও ব্রিটেনে রয়েছে।
কোহিনুর বা 'আলোর পাহাড়' নামক হীরক খণ্ডটি পাঞ্জাবের শাসক দিলিপ সিং ১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 'দান করেন' বলে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। এর পর হীরাটি রাণী ভিক্টোরিয়ার মুকুটে স্থাপনের জন্য লন্ডনে পাঠানো হয়। এটি এখন টাওয়ার অব লন্ডনে প্রদর্শন করা হচ্ছে।
