দেশব্যাপী দুদকের অভিযানে গ্রেফতার ৭

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৯:০০
 
বিভিন্ন দুর্নীতির মামলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি-বেসরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকসহ সাতজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন, শিক্ষা অধিদফতরের সিস্টেম এনালিস্ট আবুল ফজল, ঢাকা সদর রেকর্ড রুমের সাবেক সাব-রেজিস্ট্রার ভবতোষ ভৌমিক, হবিগঞ্জ শাহজালাল (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুনুর রশিদ, সোনালী ব্যাংকের ময়মনসিংহের ভালুলকা শাখার সাবেক ব্যবস্থাপক আসাদুজ্জামান ও একরামুলক হক খান, টাঙ্গালের মধুপুর উপজেলা প্রকল্পের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম ও বগুড়ার কাহালুর বেলঘড়িয়ার বাসিন্দা আল আমিন।
 

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুর্নীতি মামলার জামিন ছাড়া যে সকল আসামী পলাতক রয়েছে তাদের গ্রেফতারের জন্য দুদক বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানের অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন স্থান থেকে এ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে তিনি জানান।