এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২০:৩২
ইরান তাদের সেনা দিবস উদযাপন অনুষ্ঠানে রাশিয়ার তৈরি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে। ইরান থেকে প্রকাশিত ভিডিওতে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার টিউব এবং রাডার দেখানো হয়েছে। রবিবার দক্ষিণ তেহরানে সামরিক কুচকাওয়াজের সময় এসব প্রদর্শন করা হয়।
 
ইরানের এ পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল বরাবরই কঠোর সমালোচনা করে আসছে; কিন্তু ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে, এটা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে করা হয়েছে। কোনো যুদ্ধংদেহী মনোভাব চরিতার্থ করতে নয়।
 
গত বছরে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে গেলে বিতর্কিত এ বিষয়গুলো ইরানের সামনের কাতারে চলে আসে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছয় বিশ্বশক্তি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়।
 
ওই অবস্থা থেকে প্রত্যাবর্তনের পর সর্বশেষ ইরানের ওই প্রদর্শনী অনুষ্ঠিত হল। ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশের প্রদর্শনী সেখানে স্থান পায়। প্রেসিডেন্ট হাসান রুহানির দাবি, সন্ত্রাসবাদ এবং ইসরাইলের হাত থেকে মুসলিম বিশ্বকে রক্ষার অভিপ্রায় থেকে এই প্রদর্শনী হয়।
 
উল্লেখ্য, এস ৩০০  ক্ষেপণাস্ত্র একাধারে জঙ্গি বিমান এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে পারে। সূত্র: বিবিসি