বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে একটি কৃত্রিম দ্বীপে প্রথমবারের মতো প্রকাশ্যে অবতরণ করেছে একটি চীনা সামরিক বিমান। বিমান নামানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছে চীনা সেনাবাহিনী।
ওই কৃত্রিম দ্বীপটিতে চীনের সামরিক বিমান ঘাঁটি গড়ে তোলার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ তৈরির সমালোচনা করে দ্বীপটি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে বলে উদ্বেগ জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। যদিও চীন বলেছে, দ্বীপ বানানোর পেছনে শত্রুতার কোনো ইন্ধন নেই।
দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের প্রবাল প্রাচীর ও অ্যাটলে ড্রেজিং করে বালু ফেলে দ্বীপটি তৈরি করেছে চীন। গেল এক বছরেরও বেশি সময় ধরে এই দ্বীপে তিনটি রানওয়ে তৈরি করেছে দেশটি। এগুলোর মধ্যে ফায়ারি ক্রস রিফের তিন হাজার মিটার দীর্ঘ রানওয়েতে চীনা সামরিক বিমানটি অবতরণ করেছে।
চীনা সামরিক বাহিনীর মুখপত্র দৈনিক পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, রবিবার দক্ষিণ চীন সাগরে টহলরত একটি সামরিক বিমান তিনজন গুরুতর অসুস্থ শ্রমিককে সরিয়ে নেয়ার জরুরি অনুরোধে সাড়া দিয়ে ফায়ার ক্রস দ্বীপে অবতরণ করেছিল। অসুস্থ শ্রমিকদের সামরিক পরিবহন বিমানটিতে করে চিকিত্সার জন্য হাইনান দ্বীপে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়। বিবিসি
