গ্রহাণু আঘাত হানার আগেই বিলুপ্তির মুখে ছিল ডাইনোসর!

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১১:০০
উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে বলে যে ধারণা করা হচ্ছিল সেটি ভুল বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের মতে গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার অন্তত ৫০ মিলিয়ন বছর আগেই তাদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল।
 
 
ধারণা করা হয়, ৬৬ মিলিয়ন বছর আগে অন্তত ১০ কিলোমিটার আকৃতির গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিং এর বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন, এর অনেক আগে থেকেই এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র।
 
পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন। নতুন এই তথ্য অনুযায়ী, প্রায় ১২০ মিলিয়ন বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানীদের একজন ড. মানাবু সাকামোটো বলছেন, এই ফলাফল আমরা নিজেরাই আশা করিনি। উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে তারা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেলেও, এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই।
 
বিজ্ঞানীরা বলছেন, ২৩০ বছর আগে যখন ডাইনোসরের জন্ম হয়, তখন পৃথিবী ছিল উষ্ণ। কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হয়ে আসতে শুরু করে। সমুদ্রের পানির সীমাও নেমে যেতে শুরু করে। এর ফলেই ডাইনোসর বিলুপ্ত হতে শুরু করে। ডাইনোসরের সঙ্গে ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীর জন্ম অনেকটা একই সময়ে হলেও, ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীরা শীতল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয়। বিবিসি।