আইএসের রকেট হামলায় তুরস্কে সিরীয় শিশু নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১২:৩৪
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তুরস্কের সীমান্ত শহর কিলিসে ছোড়া রকেট হামলায় তিন শিশুসহ চারজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে।
 
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে পাঁচটি কাতিউসা রকেট কিলিস শহরে বিস্ফোরিত হয় বলে শহরটির গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে। রকেট হামলার জবাবে তুর্কি সেনারাও সীমান্তে আইএসের অবস্থান লক্ষ্য করে গোলা ছোড়ে। কিলিসে সিরীয় শরণার্থীদের শিবির রয়েছে। এর আগেও শহরটিতে সিরিয়া সীমান্ত থেকে শেল হামলা চালানো হয়েছে।
 
১ লাখ ২০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়া কিলিসের আবাসিক এলাকায় চারটি রকেট আঘাত হানে। জানা গেছে রকেট হামলায় একজন তুর্কি ও পাঁচজন সিরীয় নাগরিক আহত হয়েছেন।
 
সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই কিলিসে কামান থেকে গোলা হামলা চালানো হয়। ১১ এপ্রিল শহরটিতে ১২ জন ব্যক্তি গোলা হামলায় আহত হয়েছিলেন। একই দিনে একই ধরনের হামলায় কিলিসে ২ ব্যক্তি নিহত ও ছয়জন আহত হন বলে হুরিয়াত সংবাদপত্র জানিয়েছে। বিবিসি।