বৈঠকের কথা ‘স্বীকার’ শফিক রেহমানের, বাসায় ডিবির অভিযান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৫:৩৪
 
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার বৈঠকে উপস্থিত থাকার কথা ‘স্বীকার’ করেছেন সাংবাদিক শফিক রেহমান। একই সঙ্গে কারাবন্দী দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ‘সম্পৃক্ততা’ রয়েছে।
 
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখায় এক প্রেস ব্রিফিংয়ে অ্যাডিশনাল কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।
 
মনিরুল ইসলাম বলেন, শফিক রেহমান রিমান্ডে তথ্য দিচ্ছেন।
 
এদিকে বিফ্রিংয়ের পরপরই ১৫ ইস্কাটন গার্ডেন রোডে শফিক রেহমানের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযানের তথ্য নিশ্চিত করে ডিবির একজন কর্মকর্তা জানান, শফিক রেহমানের সম্পৃক্ততা সম্পর্কে আরো তথ্য যাচাই-বাছাইয়ের জন্য অভিযান চালানো হয়েছে।
 
গত শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ২০১৫ সালের আগস্ট মাসে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ঐদিন সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত শফিক রেহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।